| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দিল বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:৩০:৪৮:অপরাহ্ন  |  ১২৪৮১৪৮ বার পঠিত
ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দিল বিএনপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা (আরও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও) হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে বিএনপি। 

বুধবার(১৯ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে প্রস্তাবটি উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

ইসির রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাসদ (মার্ক্সবাদী) ও রিপাবলিকান পার্টির সঙ্গে বৈঠক করে কমিশন। বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আবদুল মঈন খান।

বর্তমানে জাতীয় নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও ঢাকা–চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ক্ষেত্রবিশেষে ইসির কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন। অতীতেও নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে এসব দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে।

সংলাপে আবদুল মঈন খান বলেন, জাতীয় নির্বাচনে কয়েক লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজন হলেও ইসির জনবল সীমিত। তবুও কমিশনের বিদ্যমান কর্মকর্তাদের সর্বোচ্চ ব্যবহার করে অন্তত ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ইসির নিজস্ব জনবল দিয়ে সামাল দেওয়া সম্ভব।

তিনি ইসির উদ্দেশে বলেন,‘একবার সাহস করে সিদ্ধান্ত নিন রিটার্নিং অফিসার হবেন আপনাদের নিজস্ব কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসারও হবেন ইসির ডেডিকেটেড জনবল। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি, এসপি, ইউএনও ও ওসির ওপর নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়ে নির্বাচনের ফল প্রভাবিত করা সম্ভব হয়। এই ‘প্রশাসননির্ভর নির্বাচন ব্যবস্থা’ থেকে বেরিয়ে আসতে ইসিকে শক্ত অবস্থান নিতে হবে। তিনি দাবি করেন, বিএনপি ইসিকে সার্বিক সহযোগিতা করবে; তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে সরকারের কাছে নতজানু হলে চলবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪