স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল। দলগুলো জানিয়েছে, গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে সব বিভাগীয় শহরে সমাবেশ করবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী,৩০ নভেম্বর রংপুরে প্রথম সমাবেশ ১ ডিসেম্বর রাজশাহীতে,২ ডিসেম্বর খুলনায়,৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে,
৫ ডিসেম্বর সিলেটে, ৬ ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
ব্রিফিংয়ে মাওলানা ইউসুফ আশরাফ বলেন,আমরা এখনো আলাদা দিনে গণভোট আয়োজনের দাবি জানিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠন ও প্রচার–প্রচারণা অব্যাহত রাখবে আট দল।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের দাবি আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের বিচার, জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসর’ দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ডে আনার দাবিগুলো এখনো পূরণ হয়নি।
বৈঠকে উপস্থিত লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আমাদের দাবি থেকে সরিনি। সরকারকে বলেছি নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনা করতে।
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সরকারও এখনো একই দিনে দুই ধরনের ভোট আয়োজনের কার্যকর পরিকল্পনা করতে পারেনি।
সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ তুলে আযাদ বলেন, আমরা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেব—এমন আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে নেওয়া হবে। তিনি জানান, আট দলের বাইরে আরও কয়েকটি দলকে যুক্ত করার আলোচনা চলছে।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক সব শক্তিকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। এই পথ আমাদের জন্য খোলা।
গত ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে আট দল। এর আগে ঢাকায় যৌথ সমাবেশসহ ছয় দফায় দেশব্যাপী নানা কর্মসূচি করেছে তারা। এবার সপ্তম দফার কর্মসূচি ঘোষণা করল।
আন্দোলনে থাকা অন্যান্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
রিপোর্টার্স২৪/এসসি