স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সূত্র জানায়, আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, মানবাধিকার, বাংলাদেশ–ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।
আমিরে জামায়াত বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি