রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৬১তম জন্মদিনে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পাঁচ দফা অগ্রাধিকারমূলক পরিকল্পনা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ফেসবুকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তোলা একটি ছবি শেয়ার করে তিনি এ পরিকল্পনার কথা জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনে সুযোগ যেমন বেড়েছে, তেমনি ঝুঁকিও বেড়েছে। প্রতিদিনই বিভিন্ন ক্ষেত্রে নারীরা অনলাইন ও অফলাইনে হয়রানি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়ছেন। এটা সেই বাংলাদেশ নয় যার আমরা স্বপ্ন দেখি, উল্লেখ করেন তিনি। বাংলাদেশকে এগিয়ে নিতে নারীদের ভয়ের মধ্যে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, নারীরা যেন ঘরে-বাইরে, অনলাইন-প্ল্যাটফর্মে এবং কর্মক্ষেত্রে নিরাপদ অনুভব করেন এটি নিশ্চিত করতে বিএনপি পাঁচটি জরুরি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে।
বিএনপির প্রস্তাবিত পাঁচ অগ্রাধিকার
১. জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা
সাইবার বুলিং, হুমকি, ব্ল্যাকমেইল বা ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় নারীরা যাতে দ্রুত অভিযোগ জানাতে পারেন সেজন্য ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল এবং প্রশিক্ষিত টিমসহ একটি কেন্দ্রীয় ব্যবস্থা চালু করা হবে।
২. জনজীবনে নারীদের সুরক্ষা প্রোটোকল
সাংবাদিক, শ্রমিক, শিক্ষার্থী বা জননেত্রী যে কেউ আক্রমণের শিকার হলে থাকবে পরিষ্কার জাতীয় নির্দেশিকা, দ্রুত আইনি সহায়তা এবং ডিজিটাল সুরক্ষা। নারীদের জনজীবনে অংশ নিতে ভয় পেতে হবে না, এই নিশ্চয়তা দেবে এ প্রোটোকল।
৩. ডিজিটাল সুরক্ষা শিক্ষা
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন থেকেই ব্যবহারিক ডিজিটাল নিরাপত্তা শিক্ষার ব্যবস্থা, প্রশিক্ষিত ‘নিরাপত্তা কেন্দ্রবিন্দু’ শিক্ষক এবং বার্ষিক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
৪. সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া ব্যবস্থা
কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন রুট, উন্নত রাস্তার আলো ও ট্রমা-সংবেদনশীল প্রতিক্রিয়াশীল টিম গঠন করে নারীদের দৈনন্দিন চলাচলকে আরও নিরাপদ করা হবে।
৫. নেতৃত্বে নারীর অংশগ্রহণে জাতীয় উদ্যোগ
নেতৃত্ব প্রশিক্ষণ, মেন্টরশিপ নেটওয়ার্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীদের নেতৃত্ব বিকাশে জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে। ‘নারীরা এগোলে দেশ এগোয়’ এই বার্তা তুলে ধরেন তারেক রহমান।
তিনি আরও বলেন, রাজনীতি বা মতভেদ যাই থাকুক, নারী নিরাপত্তার প্রশ্নে সবার ঐক্য প্রয়োজন। ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নারীরা নিরাপদ, সহযোগিতা প্রাপ্ত ও ক্ষমতায়িত। এটাই হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ।’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি