স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা–৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন সুজন। তিনি জানান, ঢাকা–৮ আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন নেওয়ার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা–৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। সেই সময়ের অভিজ্ঞতাই আমাকে এই আসন থেকে লড়ার প্রেরণা দিয়েছে।
ঢাকা–৮ আসনে (মতিঝিল–শাহজাহানপুর–রমনা) বিএনপি প্রাথমিকভাবে মির্জা আব্বাসকে প্রার্থী করেছে। ফলে এই আসনে তারই প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন রিকশাচালক সুজন।
জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের উদ্দেশে সুজনের স্যালুট দেওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর তিনি জনসমর্থন ও সহানুভূতির ব্যাপক সাড়া পান। সেই জনপ্রিয়তাকে ভিত্তি করে নির্বাচনে ভালো ফল করার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি