| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক ঐক্য ভাঙলে উপকৃত হবে স্বৈরাচার: ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১০:৪১:৫৭:পূর্বাহ্ন  |  ১২৫৪৬৭৩ বার পঠিত
রাজনৈতিক ঐক্য ভাঙলে উপকৃত হবে স্বৈরাচার: ডা. জাহিদ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে জাতি ঐক্যবদ্ধ ছিল, আজও সেই ঐক্য ধরে রাখা জরুরি। আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তার সুযোগ নেবে ‘পতিত স্বৈরাচার’ ও তাদের সহযোগীরা। তাই ৫ আগস্টের মতো ঐক্য অটুট থাকলে আগামী জাতীয় নির্বাচনেও দেশ লাভবান হবে।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, অতীতে আগুন সন্ত্রাসের ভয়াবহতা জাতি ভুলে যায়নি। শেরাটন হোটেলের সামনে বিআরটিসির দোতলা বাসে গানপাউডার দিয়ে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা, ১৭৪ দিনের হরতাল- এসব অপকর্ম যারা করেছিল তারা এখন আবারও বিচারের রায়ের আগে–পরে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করতে মাঠে নেমেছে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঐক্যের মতো আজও রাজনৈতিক ঐক্য অত্যন্ত প্রয়োজন। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্য সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতি শূন্য করে ফেলেছে এবং দেশের সার্বভৌমত্বকেও প্রায় অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, যারা পালিয়ে গেছে তারা বাইরে বসে পুরোনো কায়দায় আগুন সন্ত্রাসে উসকানি দিচ্ছে। শেখ হাসিনার বিচারের রায়ের সময় দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরি করেও তারা তা প্রমাণ করেছে।

তিনি সতর্ক করে বলেন, আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারলে সেই ভাঙন দিয়েই শত্রুরা প্রবেশের চেষ্টা করবে। ৫ আগস্টের মতো ঐক্য বজায় থাকলে দেশ আবারও উপকৃত হবে।

ডা. জাহিদ বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো দেশে সক্রিয়। তাই আশপাশের মানুষের বিষয়ে সচেতন থাকতে হবে।’ তিনি বিশ্বাস প্রকাশ করেন, রাজনৈতিক ঐক্য ধরে রাখতে পারলে যেমন ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশ উপকৃত হয়েছিল, তেমনি আগামী জাতীয় নির্বাচনেও দেশ লাভবান হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মো. বাকিবিল্লাহ এবং দক্ষিণ মহানগরের সদস্য সচিব কে এম সোহেল রানা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪