যশোর প্রতিনিধি: ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা রাজনীতি নিয়ে ব্যবসা করে। ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ করে না। এমনকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দৃষ্টান্তও রয়েছে।
আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণ জমায়েতে এসব কথা বলেন তিনি। উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশটির আয়োজন করা হয়।
তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন দরকার। হাসপাতালের সিন্ডিকেট মুক্ত করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।
এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে,এবার ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন,একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চান, তাহলে তাদের অবস্থাও ভয়াবহ হবে।
সাদিক কায়েম বলেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে।এখনো শেখ হাসিনাকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে। খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর ৩ (সদর) আসনের প্রার্থী আব্দুল কাদের, যশোর ১ (শার্শা) আসনের প্রার্থী আজিজুর রহমান ও যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক, জামায়াত নেতা গোলাম কুদ্দুস প্রমুখ
সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম। বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিমের মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।
রিপোর্টার্স২৪/এসসি