রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ শনিবার রাজধানীতে গণমিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ গণমিছিল শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হবে। মিছিলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গত ১৭ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উত্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এনসিপিও আন্দোলন চালিয়ে আসছিল। পরবর্তীতে এসব আন্দোলনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
রিপোর্টার্স২৪/বাবি