রিপোর্টার্স২৪ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্প ও পরবর্তী কম্পনের কারণে আবাসিক হলগুলোতে ঝুঁকি তৈরি হয়েছে। তাই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে হল খালি করা জরুরি।
এ অবস্থায় সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে সকল আবাসিক হল খালি করতে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম চলবে।
রিপোর্টার্স২৪/এসসি