| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১২:৩৫:২২:অপরাহ্ন  |  ১৬২ বার পঠিত
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ড কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একটি জাহাজে কাজ করার সময় একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখা যায়। বিষয়টি দেখতে সেফটি টিমের কয়েকজন সদস্য এগিয়ে গেলে তারা গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হন।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে। এরপর সেফটি টিমের কয়েকজন সদস্য লিকটি পরীক্ষা করতে গেলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

তিনি জানান, আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপ-মহাপরিদর্শক মাহবুবুল হাসান জানিয়েছেন, তাঁদের কাছে ১০ জন শ্রমিক আহত হওয়ার তথ্য রয়েছে। তিনি একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও অন্যদের সর্বশেষ অবস্থা সম্পর্কে তখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান।

দুর্ঘটনার পর ইয়ার্ডে উদ্ধার তৎপরতা শুরু হয়। গ্যাস লিকের প্রকৃত কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪