রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখনো কাঙ্ক্ষিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি তার স্বপ্ন, পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিতে তাদের সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও সমর্থন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের সহযোগিতায়ই দলটি সামনে এগোতে পেরেছে এবং ভবিষ্যতেও সেই আস্থাকেই শক্তি হিসেবে ধরে রাখতে চায়।
তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, বাস্তবে তা দেখা যাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, অর্থের প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ার-এসব বহুদিন ধরেই চলে আসছে। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি। এবার একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হোক- এটাই আমাদের প্রত্যাশা।
এনসিপি আহ্বায়ক দাবি করেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে দৃঢ় ভূমিকা প্রয়োজন, তা এখনো পরিলক্ষিত হচ্ছে না। বরং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের ঘোষণা দিচ্ছেন বলেও তিনি জানান।
‘জুলাই সনদ’ ইস্যু নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তিকর মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন একে অন্যের বিরুদ্ধে চক্রান্ত করছে। নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতার পথে নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/আরকে