স্টাফ রিপোর্টার: বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুসহ ধর্মীয় নেতাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন,ভিন্নমতের কারণে সমাজে অস্থিরতা বা ফেতনা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মাঝে মতবিরোধ দেখা দিলে তা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ধর্মীয় ব্যাখ্যা যেন কোনোভাবেই বিভ্রান্তি বা অস্থিরতার কারণ না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের সমর্থন প্রয়োজন। এ লক্ষ্যেই আগামী জাতীয় নির্বাচনে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি