| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশকে জামায়াত-বিএনপি প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার এনসিপির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:৪৯:২৬:অপরাহ্ন  |  ১২২৭১৮৯ বার পঠিত
দেশকে জামায়াত-বিএনপি প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার এনসিপির

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশকে আবারও জামায়াত-বিএনপির প্রভাবাধীন করার কোনো সুযোগ নেই। জনগণের শক্তিতেই তারা এগোতে চান এবং সাধারণ মানুষের সন্তানদের মনোনয়ন দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সমাপনী দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দুদিনব্যাপী সাক্ষাৎকার কার্যক্রমের উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে গুলশান বা মগবাজারে হাজিরা দিলেই যেমন মনোনয়ন নিশ্চিত হতো, এনসিপি সে পথে হাঁটছে না। জনগণের কাছে জবাবদিহি করতে সক্ষম এমন প্রার্থীই তাদের অগ্রাধিকার। তাই কৃষক, শ্রমিক, রিকশাচালক—সাধারণ মানুষের মধ্য থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে জনমনে প্রত্যাশা তৈরি হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি জামায়াতের মোটর শোডাউন বন্ধের ঘোষণাকে স্বাগত জানান। ভূমিকম্প পরিস্থিতিতে সরকারের তৎপরতাকেও তিনি প্রশংসা করেন, পাশাপাশি আরও দ্রুত ও সমন্বিত কার্যক্রমের আহ্বান জানান।

নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইসি একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে আছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপির অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি। কুমিল্লার দেবীদ্বারের বিএনপি নেতা হাসনাত আবদুল্লাহর বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলাকে ‘নোংরা রাজনীতি’ উল্লেখ করে পাটওয়ারী বলেন, আমাদের পরিচয় আমাদের কাজেই,কারও কাছে মাথানত করিনি।

তিনি আরও বলেন, ২৪-এর গণহত্যার বিচার চাইলে ১৯৭১ সালের গণহত্যার বিচারও নিশ্চিত করতে হবে।
আগামী কয়েক দিনের মধ্যেই ‘জনগণের অ্যালায়েন্স’ ঘোষণা করা হবে বলেও জানান তিনি, যেখানে এনসিপির বাইরে আরও কয়েকটি দল যুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪