রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরতে প্রস্তুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও নিরাপত্তা ও কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।
দলের উচ্চপর্যায়ের নেতারা জানিয়েছেন, দেশে ফেরার পর গুলশান-২ এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হবে। সেখানে ইতিমধ্যেই বাড়িটির সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ও কাঁটাতারের বেড়া প্রভৃতি কাজ চলছে।
১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। বর্তমানে প্রায় দেড় বিঘা জায়গার এই বাড়িতে তিন বেডরুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম এবং সুইমিংপুলসহ আধুনিক সুবিধা রয়েছে।
সম্প্রতি নামজারি সম্পন্ন হয়ে বাড়িটি তারেক রহমানের নামে করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৭ সালে ১/১১-এর সময় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালে জামিনে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখান থেকে দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০১৮ সালে খালেদা জিয়ার কারাগারে থাকার সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম