| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৪:২৭:৩৫:অপরাহ্ন  |  ১২০৫৪২৭ বার পঠিত
কোনো ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রতিহিংসা ভুলে একটি সুন্দর ও ভালোবাসার দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে। ভালো আছে। এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে। এমন আশঙ্কারও কোনো সুযোগ নেই।

বিএনপির বড় দল হিসেবে একাধিক প্রার্থী থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই এখানে চার-পাঁচজন করে প্রার্থী থাকবেন। এতে কিছু সমস্যা হতেই পারে। তবে এটিই প্রমাণ করে দলটি কত বড় ও প্রাণবন্ত।

প্রফেসর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ছয়টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক পরিবর্তন আনার উদ্যোগ চলছে, তা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন একটি ট্রানজিশন পিরিয়ডে আছি। ফ্যাসিবাদী রাজনৈতিক পরিবেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে প্রস্তুতি নিচ্ছি।

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার বিষয়েও সমর্থন জানিয়ে তিনি বলেন, এটি নতুন ব্যবস্থা হলেও রাজনৈতিক দলগুলো আপাতত একমত। কারণ এতে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নিশ্চিত হবে এবং নিম্নকক্ষ এককভাবে কর্তৃত্ব করতে পারবে না।

রাজনৈতিক জীবনের দীর্ঘ নির্যাতন-নিপীড়নের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর জেল-নির্যাতন সহ্য করেছি তবুও আশা ছাড়িনি। আমি বিশ্বাস করি- লড়াই করলে একদিন না একদিন বিজয় আসবেই।

নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এনসিপির তরুণরা একটি শক্তিশালী দল হিসেবে এগিয়ে আসছে। আমাদের উচিত এ ধরনের যুবকদের স্বাগত জানানো। ভবিষ্যতে দেশ চালাবে এই নতুন প্রজন্মই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ওঠা ‘সমঝোতার মানুষ’ সমালোচনা নিয়ে মির্জা ফখরুল বলেন, আর কতদিন যুদ্ধ করব? কতদিন মারামারি-হিংসা? আমাদের এক জায়গায় এসে সমাজকে শান্তির পথে নিতে হবে।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কারাবন্দী খালেদা জিয়ার প্রথম প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যাডাম জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও সংশোধনীতে প্রথমেই লিখেছিলেন- ‘এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়।’ এত বড় মনের নেত্রী, যা নেলসন ম্যান্ডেলার মতো নেতাদের কণ্ঠস্বরের কথা মনে করিয়ে দেয়।

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল, পিপি আব্দুল হালিম, নারী ও শিশু আদালতের পিপি এন্তাজুল হকসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪