রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নয়। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় প্রেরণা। রোগ-শোক, নির্যাতন, সংকট, প্রতিকূলতা কোনো কিছুর মাঝেও তিনি দেশ ও দলকে কখনো ছেড়ে যাননি। তিনি মনে করিয়ে দেন, এমন দৃঢ়চেতা নেতৃত্ব পাওয়া বিএনপির জন্য বিরল সৌভাগ্য।
বুধবার (২৬ নভেম্বর)নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, গভীর অন্ধকারেও তিনি আমাদের পথ দেখিয়েছেন। প্রতিপক্ষের হামলা-হুমকির সময়েও কীভাবে মাথা উঁচু রাখতে হয়, কীভাবে সংযম ধরে রেখে ঐক্য বজায় রাখতে হয় বেগম জিয়া সেটাই শেখিয়েছেন।
তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়াকে অসুস্থ করে তুলেছে। একজন সম্পূর্ণ সুস্থ নারী পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। একটি মিথ্যা মামলায়। অথচ জেলে নেওয়ার পর তাকে শারীরিকভাবে ভেঙে ফেলার নানা অপচেষ্টা চালানো হয়েছে, অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, যখন রাষ্ট্র ক্ষমতা একজন প্রতিহিংসাপরায়ণ ও স্বৈরাচারী শাসকের হাতে চলে যায়, তখন সে যেকোনো নাগরিককে হয়রানি ও নির্যাতনের শিকার করতে পারে। তার ভাষায়, চলতে-ফিরতে সক্ষম একজন মানুষের জীবনীশক্তি কীভাবে নিঃশেষ হয়ে গেল? এর পেছনে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নেই। সেই প্রতিহিংসাপরায়ণ শাসক শেখ হাসিনার নির্দেশেই সব হয়েছে।
খালেদা জিয়ার জীবনসংগ্রাম তুলে ধরে তিনি উল্লেখ করেন। স্বামী হারানো, বাড়ি হারানো, সন্তানদের ওপর নির্যাতন। সবকিছু সহ্য করেও তিনি দেশ ছেড়ে পালাননি। অদ্ভুত দেশপ্রেম ও অদম্য মনোবল নিয়ে তিনি বাংলাদেশ রক্ষার অঙ্গীকারে অটল থেকেছেন, বলেন রিজভী।
অপরদিকে তিনি কঠোর ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করে বলেন, সামান্য সমস্যায়ই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। জনতার রুদ্ররোষ দেখে আবারও পালাতে বাধ্য হয়েছেন। তিনি দাবি করেন, অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনা শেখ হাসিনার দুটি ভল্টে পাওয়া গেছে। চোর-ডাকাত চরিত্রের লোকরাই পালায়, মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, শেখ হাসিনার ‘হরিলুটে’দেশ দুর্বল হয়ে পড়েছিল। তবে খালেদা জিয়ার মনোবল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশে গণতন্ত্রের জন্য নতুন শক্তি জুগিয়েছে। কিন্তু বর্তমান সরকার গঠনের ১৫ মাস পরও দেশের অর্থনীতির কঠিন চিত্র তুলে ধরে তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলছে। ছয় কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে, তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে। এটি জাতির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই জনগণের অধিকার। সাড়ে দশ বছর ধরে শেখ হাসিনা সেই অধিকার কেড়ে নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে হবে। বক্তৃতার শেষে রিজভী বলেন, এ দেশের কোটি কোটি মানুষ বেগম জিয়াকে ভালোবাসে। দেশের জন্য তার ত্যাগ, মানুষের প্রতি অঙ্গীকার দেখে সবাই তার সুস্থতার দোয়া করছে।
রিপোর্টার্স২৪/ঝুম