জন্ম: পশ্চিম মুন্সিয়া, মুন্সিগঞ্জ; পিতা: আব্দুস সামাদ; মাতা: শারমিন সামাদ। মাসিক 'সহজ' পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রকাশিত বই ২টি ও কবিতা কার্ড ১টি
আবর্তন
শৈশবের দেহটি ছেড়ে
কিশোরের দুরন্ত পায়ে
যে বাড়িটির সন্ধ্যায়
যৌবনের বুক খুলে ছোঁয়ালে অশ্রু
অন্ধ তুমি
সুন্দর হাসো
ঋদ্ধের বৃন্দাবন
হাতের তালুতে ঘুমিয়ে পড়লে রাত
খুঁজে নেবো ঠিক আরেক প্রভাত...
চুম্বুক চুমুকে
একবার ফিরে তাকালেই
অবিকল সত্যের হাত ধরে
তুমিও পৌঁছে যাবে নিরালা নদী
পাড়হীন দিগন্তরেখায়
বড্ড মিথ্যে মনে হয় সৌর-শূন্যতা গাঁথা
দিন ও রাতের সুখকাব্য
একবার ফিরে তাকালেই ফেরার ইচ্ছেরা মেলবে ডানা
ও নদী ...
ঠিকানা পৌঁছে দিয়ো তরঙ্গে
বহতা বাহুর আলিঙ্গনে, ডাহুকের ডাকে
কাকে আর ঘর ছাড়া করেছো তিমির তনয়া
আলোর পেছনে হাসি হাসি মুখ
একবার ফিরে তাকালেই... ভালোবেসে খুব
ইচ্ছে করে চুমুকে চুম্বুক
চিরতরে সব হয়ে যাক নিশ্চুপ...
কার যেন আজ মন ভালো নেই
কার যেন আজ মন ভালো নেই
দিন আলো নেই
রাত কালো নেই
চোখের পাতায় ঘুম খেলে না
ডানাজোড়া আর মেলে না
লজ্জামুখী সুখের সকাল
বিকেল ছুঁয়ে রাত নামে না
কার যেন আজ জলের জালে হৃদয় জ্বলে
কার যেন আজ কান্না কথা এলেবেলে
রঙ ভেজানো চোখের কোণে
মুখ লুকানো সুখ আঁকা নেই
কার যেন আজ মন ভালো নেই ...
ইতস্তত
কড়া নাড়লেই আকাশ খুলে দাও
দুরন্ত দূর বুকের ভিতর
দীর্ঘ কালো
আলোর ক্ষত
পা দুটো খুব ইতস্তত
আরও কত আমার মতো
তারাগুলো ইতস্তত...