সিনিয়র রিপোর্টার: বাউল আবুল সরকার আল্লাহর নামে ভয়ংকর কটূক্তি করেছেন। এমন জঘন্য কটূক্তি কোনো মুসলমান সহ্য করতে পারে না। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না। এটি শুধু ধর্ম অবমাননা নয়, বরং মুসলমানদের ঈমানের বিরুদ্ধে প্রকাশ্য আঘাত। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সমাবেশে বক্তারা বলেন, এ দেশে বিভিন্ন সময় আল্লাহ রাসুল এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় না। যারা কটূক্তিকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তাদের সমালোচনা করা হয়। যেসব বুদ্ধিজীবীরা কটূক্তিকারীদের পক্ষে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। এখানে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে আমরা চুপচাপ বসে থাকবো না। একজন ফাইভ পাস করা ব্যক্তি কিভাবে কোরআনের তাফসীর করার ধৃষ্টতা দেখায়? তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাবেশে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি