রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করার পর থেকে জোর প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হওয়া তার ভ্যান র্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া সমর্থকদের উদ্দেশে ওসমান হাদি বলেন, “যদি এমপি হতে পারি, ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব চালায়, তাদের নাম সংসদে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে দেব। হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতি বা গরম মাস্তান—সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”
তিনি আরও জানান, তিনি ঢাকা-৮ এর একমাত্র প্রার্থী নন। “সমস্ত মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দেশের ৩০০ আসনে আমাদের অনেক ভাই-বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবেন। আমরা তাদের জন্যও প্রচারণা চালাব।”
প্রচারণার অংশ হিসেবে আজ শাহবাগে ‘কনসার্ট ফর ঢাকা’ আয়োজন করা হবে, যেখানে জাতীয় কবির গানসহ জুলাইয়ের জনপ্রিয় গান পরিবেশিত হবে। ওসমান হাদি জানান, বাংলাদেশ রিভেঞ্জ ব্যান্ড এই কনসার্টে কোনো পারিশ্রমিক না নিয়ে ভালোবাসার উদ্দেশ্যে অংশ নিচ্ছে।
তিনি বলেন, “তফসিল ঘোষণা হলে আমরা পাড়া-মহল্লায় গিয়ে জনগণের চাহিদা সংগ্রহ করেছি। প্রতিদিন বোর্ডে লেখা প্রস্তাবগুলো আমাদের রিসার্চ টিম যাচাই করে সমাধানের খসড়া তৈরি করছে। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা সেই সমাধানগুলো জনগণের সামনে তুলে ধরব।”
ঢাকা-৮ নিয়ে আগ্রহের কারণ ব্যাখ্যা করে ওসমান হাদি বলেন, “রাজধানীতে যেসব অনিয়ম, চাঁদাবাজি ও দখলদারিত্ব হয়, তার অনেকটাই এই গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে ঘটে। এখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে। আমি এমপি হলে সবার আগে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব এবং মাফিয়াতন্ত্র রুখে দেব।”
প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে ‘কনসার্ট ফর ঢাকা-৮’ আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা