রিপোর্টার্স২৪ ডেস্ক: গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। তার আশু রোগমুক্তির জন্য দেশজুড়ে যে দোয়া ও উদ্বেগ দেখা দিয়েছে। তা উপলব্ধি করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জানিয়েছেন, এই সংকটের সময়ে মায়ের পাশে ছুটে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা তারও রয়েছে; কিন্তু সে সিদ্ধান্ত তার একার হাতে নেই।
শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও নিজস্ব অনুভূতি তুলে ধরেন। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
তারেক রহমান লিখেছেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দল-মত নির্বিশেষে সারা দেশের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া করছেন। এটি আমাদের পরিবারের জন্য এক বিশাল শক্তি।
তিনি বলেন, মায়ের প্রতি এই ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। সকলে যেন আরও দোয়া অব্যাহত রাখেন, এই অনুরোধ জানাচ্ছি। খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত দল সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সহযোগিতার আগ্রহ এসেছে বলে জানিয়েছেন।
স্ট্যাটাসের সবচেয়ে আলোচিত অংশটি ছিল তার নিজের দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে। সেখানে তিনি লেখেন, এমন সময়ে যে কোনো সন্তানের মতো আমিও মায়ের স্নেহস্পর্শের জন্য ব্যাকুল। কিন্তু বাস্তবতার কারণে দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়াও স্পর্শকাতর হওয়ায় সীমাবদ্ধতা আছে।
তিনি আরও ইঙ্গিত দেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।রাজনৈতিক বাস্তবতা অনুকূল পর্যায়ে পৌঁছালেই দেশে ফেরার পথ খুলে যাবে আমাদের পরিবার সে আশায় আছে, লিখেছেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। সম্প্রতি অবস্থার অবনতি ঘটলে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানিয়েছেন, বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়।
রিপোর্টার্স২৪/ঝুম