রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থা দেখতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ায় নানা বাধা ও হয়রানি সৃষ্টি করা হয়েছিল, যা তার বর্তমান শারীরিক অবস্থার অবনতির পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন,
জেলে থাকার সময় অনেক চিকিৎসককে ভয়-ভীতি দেখানো হয়েছে, ফলে সঠিকভাবে চিকিৎসা পাওয়া বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ প্রার্থনা করছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন নিজ চোখে দেখতে পারেন।
এনসিপির এই নেতা জানান, খালেদা জিয়ার জন্য দেশবাসীর একাত্ম প্রার্থনা প্রমাণ করে যে তিনি এখনও বহু মানুষের রাজনৈতিক ও মানবিক আশা-প্রত্যাশার কেন্দ্রবিন্দু।
রিপোর্টার্স২৪/ঝুম