স্টাফ রিপোর্টার: বিগত ১৫ বছরে লুটপাটে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত ছিল, তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। তবে প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান হতে পারে না।
তিনি জানান, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি ক্ষমতায় এসে প্রতি বারই অর্থনীতিকে স্থিতিশীল করার পদক্ষেপ নিয়েছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে এ কথা কেউ বলতে পারবেন না, বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, ব্যবসায়ীদের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। ব্যবসায়ীদের বিশ্বাস করতে হবে। যারা লুটপাট করেছে তাদের শাস্তি হোক, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে নতুন বেকার সৃষ্টি করা উচিত নয়।
তিনি বলেন, শুধু অর্থনৈতিক পথরেখাই নয়, রাজনৈতিক পথরেখাও স্পষ্ট করা জরুরি। সংস্কারের যেসব প্রস্তাবে বিএনপি সই করেছে, সেগুলো দলটি বহু আগেই উত্থাপন করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ দেশ গড়তে চায় যেখানে গণতন্ত্র শক্তিশালী হবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে।
রিপোর্টার্স২৪/এসসি