| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:৫৩:৪৪:পূর্বাহ্ন  |  ১১৭৭১৯৪ বার পঠিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা: মাহদী আমিন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তার পরিবার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

মাহদী আমিন বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে তারেক রহমান ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

তিনি আরও জানান,খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সেজন্য প্রতিটি পদক্ষেপ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছেন তারেক রহমান।

মাহদী আমিন উল্লেখ করেন, হাসপাতালের সিসিইউতে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও সংক্রমণের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি জানান, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। ইতিমধ্যেই লন্ডনের হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছিলেন। এছাড়া একটি সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মাহদী আমিন আশা প্রকাশ করেছেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা রাখবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪