| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অবস্থা সামান্য উন্নত, এখনও সংকট কাটেনি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:৪২:০০:অপরাহ্ন  |  ১২১২৫৬১ বার পঠিত
খালেদা জিয়ার অবস্থা সামান্য উন্নত, এখনও সংকট কাটেনি

রিপোর্টার্স২৪ডেস্ক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন দিন সাড়াহীন থাকার পর শনিবার সকালে সংক্ষিপ্তভাবে কথা বলেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাঁর শয্যা পাশে থাকা পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য আলাপ করেন বলে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

সূত্রগুলো জানায়, আগের তিন দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। শরীরে পানি জমে শ্বাসকষ্ট তৈরি হওয়ায় পরিস্থিতি এখনও ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসকেরা মনে করছেন, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নীতিগতভাবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। তবে বিমান যাত্রা সহ্য করার মতো শারীরিক সক্ষমতা না থাকায় তা এখনই সম্ভব নয় বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হলে লন্ডন বা সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে।

পরিবার-ঘনিষ্ঠ সূত্র বলছে, সামান্য কথা বলাকে ইতিবাচক মনে করা হলেও যেকোনো সময় অবস্থার পরিবর্তন ঘটতে পারে। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেডিকেল বোর্ড বিদেশে নেওয়ার সুপারিশ করলেও তাঁর বর্তমান শারীরিক অবস্থা সে সুযোগ দিচ্ছে না। ভিসা, সম্ভাব্য হাসপাতাল এবং এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় প্রস্তুতি আগাম নিয়ে রাখা হয়েছে, যেন সুযোগ মিললেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪