রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) নেতারা। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী সেখানে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে সকালে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিবৃতি দেওয়া হয়। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দলটির ওপর হামলা, বৈঠক থেকে বাদ পড়া এবং নিবন্ধন-বিষয়ক বিতর্কের মধ্যেও জাপা নেতারা মানবিক কারণে খালেদা জিয়ার পাশে থাকার কথা জানান।
প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, জি এম কাদেরের নির্দেশে শামীম হায়দার ছাড়াও হাজী সাইফুদ্দিন মিলন, আব্দুর রশিদ সরকার ও আলমগীর শিকদার লোটন হাসপাতালে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ডা. এ জে এম জাহিদ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
জাপার অন্য অংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ বিবৃতিতে বলেন, একসময় তাঁরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, রাজনীতির মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে খালেদা জিয়ার ভূমিকা জাতির কাছে স্মরণীয়।