স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ সোমবার(১ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সামনে ফুলের তোড়া গ্রহণের মাধ্যমে তিনি বিএনপিতে যোগদান করেন।
রেজা কিবরিয়াকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া জানান, তিনি হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান।
যোগদান উপলক্ষে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে দীর্ঘদিন ধরেই আগ্রহী ছিলাম। কারণ এই দল দু’দুবার দেশের গণতন্ত্র রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে সমানভাবে জনপ্রিয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন পর্যন্ত ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে (একটি আসন স্থগিত)। এর মধ্যে হবিগঞ্জ–১ আসনটি ফাঁকা রাখা হয়, যেখানে এখন রেজা কিবরিয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেজা কিবরিয়ার যোগদানকে ‘দলের জন্য সম্মান’ উল্লেখ করে বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তার আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরে দলের সাধারণ সম্পাদক হন। তাকে কেন্দ্র করেই দলটি দুই ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে নুরুল হক নুরের সঙ্গে মিলে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সেখানেও দলের অভ্যন্তরীণ সংকটে দ্বন্দ্ব দেখা দেয়। পরবর্তীতে তিনি রাজনীতি না করার ঘোষণা দিলেও আবার বিএনপির মাধ্যমেই সক্রিয় রাজনীতিতে ফিরলেন।
রিপোর্টার্স২৪/এসসি