স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে বিএনপি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য–অবস্থার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসায় নিয়োজিত। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিগত স্বৈরশাসনের বিপরীতে বহু আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে রেজা কিবরিয়ার মেধা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, রেজা কিবরিয়া শুধু তাঁর এলাকায় নয়, সারা দেশে প্রভাব বিস্তার করবেন বলে আমরা বিশ্বাস করি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। এতে বিএনপি আশাবাদী। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই নির্বাচনে জনগণ তাদের মতামত প্রকাশ করে নতুন সংসদ নির্বাচন করবে।
আগামী নির্বাচনে জনগণ সমর্থন দিলে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি সমৃদ্ধ অর্থনৈতিক দেশ গড়তে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ‘বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারব।’
রিপোর্টার্স২৪/এসসি