স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বে ১৬টি রাজনৈতিক দলের নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ নামের এই জোটের ঘোষণার সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর। রোববার রাজধানীতে অনুষ্ঠিত সংশ্লিষ্ট দলগুলোর এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জোটটি কেবল নির্বাচনের জন্য নয়, ভবিষ্যৎ রাজনীতিতেও একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এটি এখনও স্পষ্ট নয়। তবে যদি অংশ না নেয়, প্রায় ২৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় ধারা তৈরির সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক, শক্তিশালী বিরোধী দলে পরিণত হওয়া সম্ভব।
জেপি ও জাপা ছাড়াও জনতা পার্টি, জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ইসলামিক জোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ মানবাধিকার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সার্বজনীন দল, পিস অ্যালায়েন্স, ন্যাপ ভাসানী, বাংলাদেশ গণধিকার পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশের নেতারা বৈঠকে অংশ নেন।
রিপোর্টার্স২৪/এসসি