রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে বিএনপি–জামায়াতসহ সব দল এগিয়ে আসে, কিন্তু দায়িত্ব নিতে চাইলে তা এনসিপির ওপর চাপিয়ে দেওয়া হয়।
সোমবার রাজধানীর বাংলামটরে প্রবাসী জুলাইযোদ্ধাদের মুক্তি উপলক্ষে আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিলে তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চলছে। প্রকাশ্যে ও গোপনে দুই রাজনৈতিক শক্তি সংস্কারের বিরোধিতা করায় অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন আটকে গেছে।
নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করেন, কিছু দল গণভোটে ‘না’–এর পক্ষে প্রচারণা চালাতে পারে। তিনি বলেন, একটি দল ‘মুক্তিযুদ্ধ বনাম রাজাকার’ আরেকটি ‘ধর্ম কার্ড’ ব্যবহার করে পুরোনো রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।
অনুষ্ঠানে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও সামান্তা শারমিনসহ অনেকে বক্তব্য দেন।
রিপোর্টার্স২৪/বাবি