রিপোর্টার্স২৪ডেস্ক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তাঁর উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে সক্ষম একমাত্র নেতা খালেদা জিয়া।
সোমবার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, বার্ধক্যজনিত জটিলতায় খালেদা জিয়া কয়েক দিন ধরে চিকিৎসাধীন থাকলেও সেরে ওঠার ব্যাপারে তারা আশাবাদী। তিনি বলেন, ১৮ কোটি মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে ম্যাডাম সুস্থ হয়ে উঠবেন। বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাঁর দীর্ঘায়ু এখন অত্যন্ত প্রয়োজন।
ফজলুর রহমান আরও বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। তিনি দাবি করেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাঁর চেয়ে প্রয়োজনীয় ব্যক্তি আর নেই। তিনিই গণতন্ত্রের পুনরুদ্ধারে জনগণকে নেতৃত্ব দিতে পারেন।
দেশবাসীর উদ্দেশে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বানও জানান।
রিপোর্টার্স২৪/বাবি