রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বজুড়ে যে ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছা আসছে, তা জিয়া পরিবারকে গভীরভাবে অনুপ্রাণিত করছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বার্তায় তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিক, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের মানুষ যারা উদ্বেগ, সহমর্মিতা ও দোয়া পাঠাচ্ছেন, তারা আমাদের পরিবারকে শক্তি ও সাহস দিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, দেশ-বিদেশে যে ভালোবাসা ও আন্তরিকতা দেখানো হচ্ছে, তা সত্যিই অসাধারণ। আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই কঠিন সময়ে দেশবাসীর ঐক্য, সহমর্মিতা ও সংহতি আমাদের জন্য এক অপূর্ব সাহসের উৎস।
তারেক রহমান জানিয়েছেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য পরিবার সর্বদা প্রার্থনা করছে। একইসঙ্গে যারা এই সময়ে শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বর্তমানে বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও আন্তর্জাতিক অঙ্গন থেকেও সমর্থন আসছে।
রিপোর্টার্স২৪/ঝুম