স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, যা পরিবার ও দলের পক্ষ থেকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি সবাইকে এসব গুজবে বিভ্রান্ত না হয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।
এদিকে জানা গেছে, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আজ ঢাকায় পৌঁছাবে। সমন্বিত চিকিৎসক দলের পরামর্শের ভিত্তিতে তাকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান ডা. জাহিদ হোসেন।
রিপোর্টার্স২৪/এসসি