স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি মানুষের ভালোবাসা থাকবেই। খালেদা জিয়ার প্রতি সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি।
দলের এই নেতা আরও বলেন, দেশের স্বার্থে অতীতে খালেদা জিয়া কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ‘কোনো মানুষের রক্ত যেন না ঝরে’—এ কারণে খালেদা জিয়া সরকার গঠনের পর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় উদ্যোগ নেন।
তিনি অভিযোগ করেন, যারা হত্যাযজ্ঞ ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সূচনা করেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেটি বাতিল করেছে। জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস–ট্রাক পুড়িয়ে মানুষ হত্যার পর তত্ত্বাবধায়ক দাবিতে আন্দোলন করেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা সেই হাসিনার কারণেই।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনগণের কষ্ট হয় এমন সিদ্ধান্ত না নিয়ে জনস্বার্থে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি