রিপোর্টার্স২৪ডেস্ক: প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এ কথা বলেন।
নেতারা জানান, আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল— প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।
এনসিপি নেতারা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আলাদা সহযোগী সংগঠনও গঠন করা হয়েছে। যোগ্যতা থাকলে আগামী নির্বাচনে প্রতিবন্ধী প্রার্থী মনোনয়নের কথাও ভাবছে দলটি।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাভিদ নওরোজ শাহ এবং রিয়াজ মোর্শেদ। প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে সালমা মাহবুব, ইফতেখার মাহমুদ, আলী হোসেন, রানা ও লাকি বক্তব্য রাখেন।
বক্তারা এনসিপির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে তারা দেশের অগ্রগতিতে আরও ভূমিকা রাখতে চান।
রিপোর্টার্স২৪/বাবি