রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে তাঁকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার(৪ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ সফরে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, নিরাপত্তাকর্মী ও দলের দায়িত্বশীল নেতাসহ মোট ১৪ জন রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের নাম প্রকাশ করা হয়।
লন্ডনগামী দলের সদস্যরা হলেন: পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা),ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার,ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ, জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন,হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ),সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ),আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী),মাসুদার রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি),ফাতেমা বেগম (গৃহকর্মী),রুপা শিকদার (গৃহকর্মী)।
ডা. জাহিদ জানান, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল আগেই নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
রিপোর্টার্স২৪/এসসি