কক্সবাজার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছি—বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে ‘স্বাস্থ্যকার্ড’ প্রদান করা হবে। তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই দলের নীতি এবং কেউ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেটাই তাদের লক্ষ্য।
নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ এ প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রথম পর্যায়ে ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং ধাপে ধাপে সব পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এতে দারিদ্র্য হ্রাসেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে।”
সভায় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
গত ২ ডিসেম্বর চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর থেকে পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে তিনি প্রচারণা চালাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, পাঁচ দিনের প্রচারণা শেষে সালাহউদ্দিন আগামী ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব