রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার যাত্রা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে আর আসছে না। ফলে তার বিদেশযাত্রা একদিন পিছিয়ে গেল।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আশা করছি, সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছিল। প্রস্তুতিও প্রায় সম্পন্ন বলে জানা যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান, পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং আজ যাত্রা সম্ভব হচ্ছে না।
মির্জা ফখরুল আরও জানান, বিমান ছাড়ার সময় নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন, বলেন তিনি।
রিপোর্টার্স২৪/আরকে