রিপোর্টার্স২৪ ডেস্ক: বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও নির্যাতনেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাজীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি। এর মধ্যে দুই বছর ছিলেন নির্জন কারাগারে। সেখান থেকেই সন্দেহ হয়, তার রোগের সূচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায়, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা