রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এরপর নিজ মায়ের বাসা মাহবুব ভবন ধানমণ্ডির উদ্দেশে রওনা দেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ৪টায় তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “ভাবি লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে আসেন। ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন, ডাক্তারদের সাথে সর্বশেষ অবস্থা নিয়ে মিটিংও করেছেন। এখন ধানমন্ডিতে বাবার (প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান) বাসা মাহবুব ভবনে। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।”
ডা. জুবাইদা লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ ফ্লাইট বিজে-৩০২-এ দেশে রওনা হন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময় পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাবে।
দলটির তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড অনুমোদন দেয়, তবে রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।
এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি আয়োজন করে। নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। মির্জা ফখরুল জানান, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রবিবার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা।”
রিপোর্টার্স২৪/আয়েশা