রিপোর্টার্স২৪ ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের স্বার্থবিরোধীদেরকে জনগণ ক্ষমা করবে না। যেমন অতীতের খলনায়কদের ক্ষমা করেনি, আগামীতেও করবে না। শুক্রবার (৫ ডিসেম্বর) এনডিবির আয়োজনে বেলা ১১টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘বন্দর বাতিল করা সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ।
তিনি আরও বলেন, নির্মম হলেও সত্য—যখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল ড. ইউনূসের হাত ধরে অর্থনৈতিক মুক্তি আসবে, তখন দেশের ঋণের রেকর্ড তৈরি হয়ে ২১ ট্রিলিয়ন ডলার হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, দুর্নীতি স্বয়ং ইউনূস সাহেবের আত্মীয়-স্বজন–পরিষদবর্গ আর পিয়ন–চাপরাশিদের পৃষ্ঠপোষকতায় অতীতের রেকর্ড ভেঙে এগিয়ে চলছে। আমাদের এক কথা—এই বন্দর চুক্তি বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
এসময় মোমিন মেহেদী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, নোবেল পাওয়ার পর ২০০৬ সালেই তিনি বলেছিলেন, বন্দর মুক্ত করে দিন—আমি দেখবো বন্দর ব্যবস্থাপনা। আজ জাতির ক্রান্তিকালে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে খাদের কিনারে রেখে বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দিয়ে তিনি প্রমাণ করেছেন, নিজের স্বার্থে এ দেশকে খণ্ড-বিখণ্ড করার পাশাপাশি সর্বোচ্চ ক্ষতির মুখে ফেলতেও তিনি দ্বিতীয়বার ভাববেন না।
নেতৃবৃন্দ আরও বলেন, বন্দর চুক্তি বাতিলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে দেশবিরোধী বন্দর চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ না করে রিট করানো হয়েছে। সেই রিট অনুযায়ী মাননীয় আদালত বন্দর চুক্তির সব কাজ বন্ধের আদেশ দিয়েছেন। কিন্তু চুক্তি বাতিলের দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন