সুনামগঞ্জ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ৫৪ বছরে বাংলাদেশে ভারতপন্থী মহল বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র করেছে। বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ কার্যত ভারতের ‘সাপ্লাই কলোনি’তে পরিণত হয়েছিল। ভারত বাংলাদেশের অর্থনীতি শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এবং রাজনৈতিকভাবে দেশকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র-জনতার সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
তিনি বলেন, “ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে দেশের তরুণ-ছাত্রসমাজ পরাজিত করেছে। ফ্যাসিবাদের কবর দেওয়া হয়েছে। বাংলাদেশকে ১৬ বছর কলোনি বানিয়ে রাখা হয়েছিল। সুশাসন, আইনের শাসন ও ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট শাসন চালানো হয়েছিল। আমরা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করব। ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।”
সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লবে দেশের তরুণরা অন্যায়, ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এতে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, বহু মানুষ আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে ‘নতুন বাংলাদেশ’ অর্জিত হয়েছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া, যেখানে সন্ত্রাস, মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি ও টেন্ডারবাজির জায়গা থাকবে না; থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি।
তিনি বলেন, নতুন প্রজন্মের ওপর ঐতিহাসিক দায়িত্ব এসেছে আগামী জাতীয় নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্বাচন করা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী।
সমাবেশে আবু সাদিক কায়েম সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন। বক্তব্য শুরুর আগে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া চান।
রিপোর্টার্স২৪/আয়েশা