সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। কাতার সরকারের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য এর আগে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিলো। তবে শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এখন জার্মানভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।
জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খালেদা জিয়া। কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসার কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি দুই দিন পিছিয়ে গেল। তবে জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট-এ জেট জিএমবিএইচ এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।
আরও জানা গেছে, বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে। আগামীকাল শনিবার বেলা ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে।
এর আগে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ‘এয়ারবাস ৩১৯’ এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।
এদিকে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব