স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের নেতৃত্বে শুক্রবার সকালে এক নির্বাচন মিছিল বের হয়। সকাল ১০টায় উত্তরার আজমপুর এলাকা থেকে যাত্রা শুরু করা এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিলটি আজমপুর ৪ নম্বর সেক্টর, কসাইবাড়ী, মোল্লারটেক, প্রেমবাগান ও মুক্তিযোদ্ধা রোড হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো পথ জুড়েই দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ নাগরিকদের ঢল নামে। মিছিলে উচ্চারিত হয় সুশাসন, ন্যায়বিচার, শান্তি–শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার দাবি।
পথসভায় অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার বলেন, ঢাকা-১৮ এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে আমাকে সুযোগ করে দিন। আপনাদের সেবা করাই হবে আমার একমাত্র দায়িত্ব।
তিনি যুব সমাজের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন ও বস্তিবাসীদের পুনর্বাসনকে তার অগ্রাধিকার তালিকায় রাখার প্রতিশ্রুতি দেন।
গণমিছিল শেষে আজমপুর কাঁচাবাজারে আয়োজিত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমাগত বাড়ছে। তাদের মতে, দেশের এই সংকটময় মুহূর্তে জনগণ চাইছেন পরিবর্তন এবং একজন সৎ ও যোগ্য নেতৃত্ব, প্রয়োজন যা অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার দিতে সক্ষম।
রিপোর্টার্স২৪/এসসি