| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়: ছাত্রশিবির সভাপতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:৪৩:৪৯:অপরাহ্ন  |  ১০৭০৮০৬ বার পঠিত
মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়: ছাত্রশিবির সভাপতি
ছবির ক্যাপশন: প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বার বার হুমকির সম্মুখীন হয়েছে। বাতিলের কাছে ছাত্রশিবির কখনো মাথা নত করেন নাই। আপামর মানুষ ন্যায় প্রতিষ্ঠায় বার বার জীবন দিয়েছে। ফ্যাসাবাদী হাসিনা যা রেখে গেছে, আজকে একটি রাজনৈতিক দল তা তাদের কাঁধে নিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে, পাথর চুরি করেছে। এখন সময় বদলেছে, মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়। মানুষের মেন্ডেটকে যথাযথ কাজে লাগাতে হবে, হানাহানি বন্ধ করতে হবে।

৫ ডিসেম্বর শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী মু. সালাউদ্দিন আইউবী।  

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম,গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক,ইসলামী আন্দোলন কাপাসিয়ার সভাপতি মাওলানা কাজিম উদ্দিন,মনোহরদী উপজেলা জামায়াতের আমির মাওলানা সানাউল্লাহ, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র শিবিরের সভাপতি মু. ইকবাল কবির, ভিপি খায়রুল আনাম প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বিগত দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের জন্য দোয়া করেন। বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনের ভূমিকার প্রশংসা করে রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। 

তিনি বলেন,  বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রায় সঠিক ছিল, তারা বুঝতে পেরেছে, আগামী নির্বাচনে মানুষ সঠিক রায় দিবে। কাপাসিয়ার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী ২০২০-২১ সালে কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিক ভাবে তার পরিচয় রয়েছে। ইসলাম প্রতিষ্ঠায় মুসা (আঃ) যেমন ভূমিকা রেখেছে, তেমনি ছাত্র-যুবকরা তাদের সর্বশক্তি দিয়ে ইসলামী আন্দোলন অব্যাহত রাখবে। যুবকদের ভূমিকা কখনো বিফলে যায়নি। ফ্যাসিবাদীরা আমাদের অনেক ভাইদের গুম, খুন করেছে, তাতে অগ্রযাত্রা থামানো যায়নি। আজ একটি রাজনৈতিক দল পশুর চেয়ে নিকৃষ্ট  স্লোগান দেয়। "একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর"। আমাদের যারা নিষিদ্ধ করেছিল, তারা আজ নাই।

একমাত্র আল্লাহ ছাড়া আমরা কোনো অপশক্তির কাছে মাথানত করি না। কাপাসিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের মূল্যবান সম্পদ রয়েছে, বিগত দিনে তা লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে। উপস্থিত ছাত্র-যুবকদের ভালো ছাত্র, ভালো সন্তান ও ভালো মানুষ হওয়ার আহ্বান জানান‌। ইসলামের বিরুদ্ধে একটি গোষ্ঠী বার বার ষড়যন্ত্র করেছে, আজও তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ তায়ালা নারীদের ইসলামে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠায় আয়েশা (আ:) এর অনেক বড় ভূমিকার উদাহরণ দিয়ে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে, ক্ষমতায় আসলে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। 

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী তার বক্তব্যে প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তোরণ ভেঙে দিয়ে আপনাদের নিজেদেরই মাজা ভেঙে দিয়েছেন। এখন ধানের শীষের সময় শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ দাড়িপাল্লা। তোরণ ভেঙে দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে দাড়িপাল্লা প্রতীক মুছে ফেলতে পারবেন না। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দাড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দলীয় নেতা কর্মীদের নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪