স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। শুক্রবার সকালে বিএনপি ৭ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে জানালেও রাতে নিশ্চিত হওয়া তথ্যে যাত্রার নতুন সময় ধরা হয়েছে ৯ ডিসেম্বর। চিকিৎসকদের মূল্যায়ন এবং তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এই তারিখও পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।
চিকিৎসাসংক্রান্ত একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় যাত্রা পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে তাঁর অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।
এদিকে কাতারের ব্যবস্থাপনায় ভাড়া করা নতুন এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচিও বদলে গেছে। প্রথমে ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী এটি আসবে ১০ ডিসেম্বর। জার্মানির প্রতিষ্ঠান এফএআই রেন্ট-এ-জেটের মাধ্যমে এ অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে ঢাকায় কাতার দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কাতারের আমিরের নির্দেশে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে উড়বে, তা চিকিৎসক দল ও বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। এ যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে সীমিতসংখ্যক সঙ্গী থাকবেন। বিএনপির প্রাথমিক ১৮ জনের তালিকা থেকে অগ্রাধিকারভিত্তিতে যাত্রী বাছাই করা হবে, বাকিরা বাণিজ্যিক ফ্লাইটে যেতে পারেন।
এদিকে চিকিৎসকেরা জানাচ্ছেন, খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার বিএনপি আনুষ্ঠানিকভাবে তাঁর লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শুক্রবার সকালে জানানো হয়, শারীরিক অবস্থা অনুকূল থাকলে তিনি ৭ ডিসেম্বর যাত্রা করতে পারেন। তবে রাতে জানা যায়, যাত্রা বিলম্বিত হয়ে নতুন লক্ষ্যমাত্রা ৯ ডিসেম্বর। সূত্র: প্রথম আলো
রিপোর্টার্স২৪/বাবি