সিনিয়র রিপোর্টার: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আমীর খসরু বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তিনি নির্বাচন প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
ডা. জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে আমীর খসরু জানান, তাঁর বিদেশযাত্রা পুরোপুরি স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভরশীল। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরাই।
নির্বাচনী জোট ও আসন বণ্টন বিষয়ে তিনি বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। সংলাপ ও আলোচনা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এগুলো চলমান থাকবে। নির্বাচন ঘিরে পুরো জাতিই প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম ব্যক্তি যিনি গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। নির্বাচন না হওয়ায় জাতি বিভিন্ন সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি