রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন দলটিরই একাংশের নেতা মোতালেব হোসেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, রাজশাহী জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে। এরপর থেকেই দলীয় একাংশ তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে প্রকাশ্যে বিরোধিতা শুরু করে।
মোতালেব হোসেন ফেসবুকে আরও লেখেন, রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছেন এবং তাকে পদ দিয়েছেন। অভিযোগ, এ বিষয়ে বহুবার জানানো হলেও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। মোতালেবের দাবি, “এর মানে তিনিও জড়িত।” এই অভিযোগের ভিত্তিতেই তিনি সারজিস আলমকে ‘রাজশাহীর মাটি থেকে অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোতালেব হোসেন বলেন, “সারজিস আলমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা