সিনিয়র রিপোর্টার: জুলাই–আগস্টের আন্দোলনে নিহত অজ্ঞাত ১৮২ জনের মরদেহ উত্তোলনের কাজ রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা এসব মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ফরেনসিক টিমের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ ডা. লুইস ফন্ডেব্রিডার। এ সময় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা। গত ৪ আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পর মরদেহ উত্তোলনের অনুমতি দেন। আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে বিভিন্ন বয়সের নারী–পুরুষ প্রাণ হারিয়েছেন। তাদের পরিচয় শনাক্তের লক্ষ্যে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষা প্রয়োজন।
সিআইডির ফরেনসিক ইউনিট জানিয়েছে, কবরস্থান এলাকায় অস্থায়ী তাবু স্থাপন করা হয়েছে। সেখানে মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া, ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন হবে। সব কাজ শেষ হলে মরদেহ যথাযথ সম্মানের সঙ্গে পুনরায় দাফন করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি