| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:১৫:৪৪:অপরাহ্ন  |  ১০৬৭৮৫৫ বার পঠিত
যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: “যারা এতদিন নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছিলেন, তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ তাদের লাল কার্ড দেখাবে।” এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে গণভোটসহ পাঁচ দফা দাবিতে ‘সমমনা ইসলামি ৮ দল’-এর বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করেছিল অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো নতুনভাবে এগোবে। কিন্তু এখনো একটি অংশ পুরোনো ধারায় আটকে আছে এবং কোনো ধরনের রাজনৈতিক সংস্কারে রাজি নয়। তিনি অভিযোগ করেন, যারা এতদিন নির্বাচন নিয়ে অতিউৎসাহী ছিলেন, তারা এখন সুর পরিবর্তন করছেন। “এটি ভালো লক্ষণ নয়। তারা বুঝতে পেরেছে, জনগণ তাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করলে দেশের সংগ্রামী জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজের রক্ত ও ত্যাগের সঙ্গে ৮ দল সম্পূর্ণ একমত। “এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ তাদের আর ক্ষমা করবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামি ও দেশপ্রেমিক নেতাকর্মীরা ফাঁসির মঞ্চেও হাসিমুখে যেতে পারে; তাই ভয়ভীতি দেখিয়ে তাদের দমানো যাবে না। “আমরা ভয় করি শুধু আল্লাহকে। অন্য শক্তির কথা বলে ভয় দেখাবেন না,  তাদের কোনো পাত্তাই আমরা দিই না।”

আন্তর্জাতিক অঙ্গনে ‘দাদাগিরি’ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব শান্তিকামী সভ্য দেশকে সম্মান জানানো হয়, কিন্তু “বাংলাদেশের ওপর কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না।” তিনি আরও মন্তব্য করেন, প্রশাসনিক ক্যু'র মাধ্যমে ক্ষমতায় যেতে চাওয়া কারও প্রচেষ্টা সফল হবে না।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, জনগণ তাদের বয়কট করবে। অন্যদিকে খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, গণভোটে যারা ‘না’-এর পক্ষে প্রচার চালাবে, জনতা তাদের প্রত্যাখ্যান করবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪