রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন।
তবে ‘অবাঞ্ছিত’ ঘোষণার একদিন পরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন মোতালেব হোসেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছেন এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি, এই ইমরান ইমনের সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে এ বিষয়ে বারবার অবগত করার পরও তাঁর কোনো ভ্রুক্ষেপ নেই। তার মানে এর সঙ্গে খোদ সারজিস আলম নিজেই জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।’
শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী আওয়ামী দোসর সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলমকে জড়িয়ে ফেলেছি, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
জানা গেছে, গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থেকে তাঁকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন